• জরিমানা নয়, এবার মাঝরাস্তায় ট্র্যাফিক পাঠশালা! মালদহ পুলিশের অভিনব উদ্যোগ
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • : জরিমানা বা ধরপাকড় নয়, এবার ট্র্যাফিক সিগন্যালেই গাড়িচালকদের হাতে-কলমে ট্র্যাফিক আইন শেখানোর উদ্যোগ নিল মালদহ জেলা ট্র্যাফিক পুলিশ। সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে এদিন মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির। এই কর্মসূচিতে টোটো, মোটরবাইক-সহ বিভিন্ন যানবাহনের চালকদের থামিয়ে ট্র্যাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম, কোথায় গাড়ি থামাতে হবে, কোন লেনে চলতে হবে এবং রাস্তার বিভিন্ন সংকেত সম্পর্কে বিস্তারিতভাবে বোঝান ট্র্যাফিক পুলিশ কর্মীরা।

    পাশাপাশি হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা, সিগন্যাল অমান্য না করা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়। ট্র্যাফিক পুলিশ আধিকারিকদের বক্তব্য, শুধু আইন প্রয়োগ বা জরিমানা করলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। সাধারণ মানুষের মধ্যে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলেই দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব। সেই লক্ষ্যেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ধারাবাহিকভাবে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে।

    কর্মসূচিতে অংশ নিয়ে টোটোচালক উৎপল সরকার বলেন, “এটি অত্যন্ত ভাল উদ্যোগ। অনেকেই গাড়ি চালাতে জানলেও ট্র্যাফিক নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। পুলিশকর্তারা খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন কখন কোথায় থামতে হবে, কোথায় বাঁক নিতে হবে এবং ট্র্যাফিক সিগন্যালের প্রতিটি সংকেতের অর্থ কী। এতে আমাদের মতো চালকদের অনেক উপকার হবে।”

    ট্র্যাফিক পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চালক থেকে শুরু করে সাধারণ পথচারীরাও। তাঁদের মতে, সচেতনতার মাধ্যমে ট্র্যাফিক নিয়ম মেনে চলার প্রবণতা বাড়বে, যানজট নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং সড়ক দুর্ঘটনার সংখ্যাও কমবে। নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে এমন উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা সকলের।
  • Link to this news (News18 বাংলা)