আরজি করে নির্যাতিতার ভিসেরা নমুনায় বদল করা হয়েছিল, শিয়ালদা আদালতে পরিবার
eTV Bharat | ০২ জুলাই ২০২৬
কলকাতা, 2 জুলাই: আরজি করের খুন ও ধর্ষণের ঘটনায় মৃতার ভিসেরা পরীক্ষার সময় সেই নমুনায় অদলবদল ঘটানো হয়েছিল ৷ নির্যাতিতার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটি চিঠি এসেছে ৷ চিঠিতে দাবি করা হয়েছে, বেলগাছিয়ায় অবস্থিত রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে অভয়ার ভিসেরা নমুনা অদলবদল করা হয়েছিল। ওই ল্যাবরেটরির তিন আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে চিঠিতে ৷ চিঠি নিয়ে আজকে শিয়ালদা আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার ৷ চিঠির সত্যতা যাচাই করার আবেদন জানিয়েছে পরিবার।
চিঠিতে দাবি করা হয়েছে তৃণমূল সরকারের নির্দেশেই ওই ঘটনা ঘটানো হয়েছিল ৷ গত মে মাসে দু'দফায় সেই চিঠি পেয়েছিলেন নির্যাতিতার বাবা। এবার সেই চিঠি তিনি আদালতে জমা দিয়েছেন। এ বিষয়ে নির্যাতিতার বাবা জানান, হ্যাঁ, আমরাদের কাছে এই ধরনের চিঠি এসেছে৷ আমরা সিবিআই-কে আগেই জানিয়েছিলাম ৷ এবার আদালতেও সেই চিঠির সত্যতা যাচাই করতে আবেদন জানিয়েছি।
বেলগাছিয়ার ল্যাবের যে তিন আধিকারিকের বিরুদ্ধে ভিসেরা নমুনা অদলবদল করেছেন বলে অভিযোগ, তাঁদের নামও চিঠিতে উল্লেখ করেছেন পত্র প্রেরক। তবে সংবাদমাধ্যমে তা প্রকাশ করা হয়নি। নির্যাতিতার পরিবার বৃহস্পতিবার চিঠিটি নিয়ে শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়। পরিবারের তরফে জানানো হয়, একই চিঠি পর পর দু’বার তাঁরা পেয়েছে। প্রথমবার ওই চিঠি পাঠানো হয় 16 মে। তার পর তা আবার পাঠানো হয় 23 মে। শিয়ালদা আদালতে চিঠির সত্যতা যাচাই এবং বয়ানের ভিত্তিতে তদন্তের আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।
নির্যাতিতার বাবা ফোনে বলেন, "মে মাসে প্রথম একটা চিঠি পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে সিবিআই-কে জানাই । কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি। সাত দিন পরে একই চিঠি আবার আসে। তাতে লেখা আছে, ভিসেরা রিপোর্ট বিকৃত করা হয়েছে ৷ কারা করেছে, কার নির্দেশে করা হয়েছে, সব লেখা আছে ৷ সিবিআই-কে আগেই জানিয়েছি। এখন আমরা আদালতে আবেদন করেছি ।"
উল্লেখ্য, আরজি করের ঘটনায় পরবর্তী তদন্তের আর্জি জানিয়ে পরিবার যে আবেদন জানিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে সিবিআই-কে ফের তদন্ত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই-এর তদন্ত নিয়ে অসন্তোষ ব্যাক্ত করেছেন। সিবিআই প্রথম চার্জশিট দেওয়ার পর কার্যত কিছু করেনি বলেও উল্লেখ করা হয়েছে আদালতের তরফে ৷