• বাংলা রকের নতুন পদক্ষেপ, ‘ফসিল্‌স’-এর অফিসিয়াল মার্চেন্ডাইজ় হলো লঞ্চ
    এই সময় | ০২ জুলাই ২০২৬
  • দেবলীনা ঘোষ

    বাংলা রক সঙ্গীতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ব্যান্ড ‘ফসিল্‌স’ এবং অডস্পেসের যৌথ উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হলো ‘এফ৭ আনবক্সিং নাইট’। সেখানেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘এফ৭’ অ্যালবামের অফিসিয়াল মার্চেন্ডাইজ়। বাংলা ব্যান্ড সংস্কৃতিতে এমন সুপরিকল্পিত ও শিল্পসম্মত অফিসিয়াল মার্চেন্ডাইজ় সামগ্রীর উদ্যোগ এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের। বিশেষ এই আমন্ত্রণভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ফসিল্‌স’-এর নির্বাচিত অনুরাগীরা।

    তাঁরাই প্রথম হাতে তুলে নেন ‘এফ৭’-এর সামগ্রী এবং ব্যান্ড সদস্যদের সঙ্গে ভাগ করে নেন স্মরণীয় মুহূর্ত। সংগ্রহে রয়েছে প্রিমিয়াম টি-শার্ট, টুপি, ব্যান্ডানা, মগ, চাবির রিং, পোস্টার এবং সংগ্রহযোগ্য নাইটলাইট। প্রতিটি সামগ্রীর নকশা তৈরি হয়েছে ‘এফ৭’ অ্যালবামের গান, দৃশ্যকল্প এবং শিল্পভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে। উদ্যোক্তাদের দাবি, এটি শুধু স্মারক সামগ্রী নয়, বরং ‘এফ৭’-কে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতা গড়ে তোলার প্রচেষ্টা।

    অনুষ্ঠানে ‘ফসিল্‌স’-এর তরফে রূপম ইসলাম বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই কিউকে, আমি ধন্যবাদ জানাতে চাই অডস্পেসকে, যাঁরা এটা সম্পাদন করেছেন। ধন্যবাদ জানাতে চাই শ্রোতাদেরও। এটা একটা অন্য রকম আইডিয়া। বাংলায় এ রকম একটা আইডিয়াকে এনে ফেলার কৃতিত্ব কিউ-এর। অন‍্য দিকে মিউজ়িক হলো আমাদের ডিপার্টমেন্ট। বাংলা বাজারকে কী ভাবে আরও বড় করা যাবে এ ব্যাপারে কিউ একজন পথিকৃৎ। কিউ-এর সঙ্গে এ ব্যাপারে সংযুক্ত হতে পেরে আমরা অত্যন্ত সন্মানিত।’

    অডস্পেসের প্রতিষ্ঠাতা ও কর্ণধার কিউ বলেন, ‘রূপম বলছে আমি এক্সপোর্ট এক্সপার্ট। ২৫ বছর আগে আমি তখন শ্রীলঙ্কাতে গিয়েছিলাম, চাকরি করতে। শ্রীলঙ্কানদের বাংলা গান শোনাতাম। কিন্তু কেউ কোন প্রতিবাদ করতো না। কারণ ওই সময়কার বাংলার টপ এক্সপোর্ট ছিল ‘ফসিল্‌স’। আজও বাংলার অন্যতম এক্সপোর্ট হচ্ছে ‘ফসিল্‌স ৭’। এই কাজটা করতে খুবই মজা হয়েছে। এই ভাবে মার্চেন্ডাইজ়ের কাজ আগে কোনও দিন হয়নি বাংলায়।’ বিশ্বের সমস্ত ফসি্‌লস অনুরাগীদের জন্য খবর, ‘এফ৭’-এর মার্চেন্ডাইজ় সংগ্রহ করা যাবে এখন।
  • Link to this news (এই সময়)