• বাসে কে বসে? অভিষেক ব্যানার্জির পিএ সুমিত!
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর চৌপতি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, অভিষেক ব্যানার্জির পিএ সুমিত কলকাতাগামী একটি বাসে করে রওনা দিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়তেই কয়েকজন বিজেপি সমর্থক বাসটি ঘিরে ফেলেন।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে আসেন থানার আইসিও। পুলিশ বাসে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করে।

    পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি অভিষেক ব্যানার্জির পিএ সুমিত নন। তাঁর নাম শরিফুল ইসলাম। তিনি একসময় অভিষেক ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশকর্মী ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় আইবি অফিসে কর্মরত রয়েছেন।

    পরিচয় নিশ্চিত হওয়ার পর গঙ্গারামপুর থানার পক্ষ থেকে জানানো হয়, তিনি অভিষেক ব্যানার্জির পিএ নন। এরপর আর কোনও জটিলতা না বাড়িয়ে পুলিশ বাসটি ছেড়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • Link to this news (আজকাল)