দক্ষিণবঙ্গে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছে বর্ষা। এর মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হলো মরশুমের প্রথম নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পর থেকেই শুরু হতে পারে ঝড়বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সন্ধ্যার পর ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে শনিবার। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ দিন সন্ধ্যার পর থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। শনি ও রবিবার সারাদিন মাঝারি বৃষ্টির পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। পাহাড় ও লাগোয়া এলাকায় বৃষ্টির দাপট তুলনামূলক ভাবে কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে।