• বেনারসি-গয়না কেনা কমপ্লিট, বিয়ের ৭ দিন আগে কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, খুনের দাবি পরিবারের
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • হাবড়ায় বিয়ের এক সপ্তাহ আগে রহস্যজনক মৃত্যু কলেজ ছাত্রীর, পুকুর থেকে উদ্ধার দেহ, খুনের অভিযোগ পরিবারের। উত্তর ২৪ পরগনার হাবড়ায় কলেজ ছাত্রী বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল। বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্যান্ডেল-সহ প্রায় সমস্ত আয়োজন সম্পন্ন। তার মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল ২৫ বছর বয়সি ওই কলেজ ছাত্রীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ছাত্রীর নাম মৃদুলা সাহা। তিনি হাবড়ার শ্রীনগর গেট সংলগ্ন এলাকার বাসিন্দা এবং শ্রীচৈতন্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। এরপর পরিবারের লোকজন ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান, মৃদুলার মোবাইল ফোনটি ঘরেই পড়ে রয়েছে। অভিযোগ, মোবাইলের সমস্ত নম্বর ও তথ্য মুছে ফেলা ছিল, যা ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে। শুক্রবার দুপুরে হাবড়ার গোয়ালবাটি এলাকার একটি পুকুরে স্থানীয় বাসিন্দারা এক তরুণীর দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে, তার পাশেই পড়ে ছিল মৃদুলার সাইকেল। এখানেই প্রশ্ন উঠছে সাইকেল নিয়ে এসে কেউ আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে কি!

    তবে কী তাকে খুন করা হয়েছে? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। বিয়ের আনন্দ পরিণত হয়েছে শোকের পরিবেশে। পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুনও হতে পারে। ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ অস্বাভাআবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)