• 'আগে ঠিক করুন তিন কেজি সোনা...', এবারে বিস্ফোরক দাবি 'বান্ধবী' টিনার, সব্যসাচীকে নিয়ে কী বললেন!
    News18 বাংলা | ০৩ জুলাই ২০২৬
  • বাড়ি থেকে প্রায় তিন কেজি সোনা উদ্ধারের ঘটনা এবং বিধাননগরের প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার পর অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী তথা শিক্ষিকা টিনা সাহা ভৌমিক। সম্প্রতি বিধাননগরের পুর চেয়ারম্যানের ‘ঘনিষ্ঠ’ হিসেবে তাঁর নাম জড়ানো এবং তাঁকে ‘বান্ধবী’ বলে তকমা দেওয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ উগরে দিয়েছেন।

    এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিনা সাহা শুরুতেই তাঁর বাড়ি থেকে সোনা উদ্ধারের পরিমাণের বিভ্রান্তি নিয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন। তিনি বলেন, “আগে আপনারা ঠিক করুন সাড়ে তিন কেজি না তিন কেজি সোনা উদ্ধার হয়েছে? এই মাপের কথা কে বলেছে আপনাদের?” তিনি আরও যোগ করেন, সূত্র মারফত খবর পাওয়ার দাবি করে সংবাদমাধ্যম যেভাবে তাঁকে কারও ‘বান্ধবী’ হিসেবে তুলে ধরছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি প্রশ্ন তোলেন, “আমি কার বান্ধবী?”

    রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “প্রত্যেকেই কোনও না কোনও রাজনৈতিক আদর্শ মেনে রাজনীতি করে। আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতিতে এসেছি। কিন্তু কোনও নেতা দুর্নীতিতে জড়ালে বা কোনও ঘটনা ঘটলে তার নিচের কর্মীরা কীভাবে কারও বান্ধবী হয়ে যায়?” তিনি সাফ জানান যে, সংশ্লিষ্ট বাড়িতে যে ঘটনা ঘটেছে এবং কার সূত্রে কী তদন্ত হচ্ছে, তা সম্পূর্ণ আইনগত ও ব্যক্তিগত বিষয়। সেখানে তিনি নিজে উপস্থিত ছিলেন না।

    নিজের সামাজিক সম্মান ও পেশার কথা উল্লেখ করে টিনা সাহা অত্যন্ত আবেগঘন ও দৃঢ় কণ্ঠে বলেন, “আমি এই ‘বান্ধবী’ তকমা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একজন মহিলা, একজন শিক্ষিকা। সমাজে অত্যন্ত সম্মানের সাথে মাথা উঁচু করে চলি এবং নিজের ডিগনিটি বজায় রেখে চাকরি করি। দয়া করে আমাকে ‘বান্ধবী’ বলে আখ্যা দেওয়া অবিলম্বে বন্ধ করুন।” পুরো বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)