‘২১ জুলাই পালন করার অধিকার তৃণমূলের নেই’, বিস্ফোরক সন্তোষ পাঠক
দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৬
২১ জুলাই আসলে কার? কংগ্রেস, কালীঘাট তৃণমূল না বিদ্রোহী তৃণমূল? এই প্রশ্ন ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রাক্তন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বর্তমানে বিজেপি নেতা সন্তোষ পাঠক। তাঁর দাবি, ২১ জুলাই আদতে কংগ্রেসেরই কর্মসূচি। কারণ, যে ঘটনাকে কেন্দ্র করে এই দিনটি স্মরণ করা হয়, তখন নিহত প্রত্যেকেই কংগ্রেসের কর্মী ছিলেন। সেই সময় আন্দোলনের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই কর্মসূচির কোনও প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। সন্তোষ পাঠকের কথায়, ‘আমি যখন কংগ্রেসে ছিলাম, তখন প্রতি বছরই ২১ জুলাই পালন করতাম। বড় কোনও কর্মসূচি না হলেও অন্তত রক্তদান শিবিরের আয়োজন করা হত।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে সন্তোষ পাঠক বলেন, ‘আমি আগে কংগ্রেসে ছিলাম, এখন বিজেপিতে আছি। তাই এখন নিশ্চয়ই কংগ্রেসের কোনও কর্মসূচি আমি পালন করবো না।’
তৃণমূলের অন্দরের বর্তমান পরিস্থিতি নিয়েও এদিন কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ‘এখন তো আবার দুটো তৃণমূল। কে আসল, কে নকল, সেটাই বোঝা দায়। সত্যি কথা বলতে, তৃণমূল শেষ হয়ে গিয়েছে।’
কয়েক দিন আগেই কালীঘাট তৃণমূলের তরফে ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে মাপজোক করা হয়েছিল। যদিও পরে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ধর্মতলা চত্বরে রাস্তার উপর কোনও ধরনের জমায়েতের অনুমতি দেওয়া হবে না। ফলে এবার ২১ জুলাইয়ের কর্মসূচি কোথায় এবং কীভাবে হবে, তা নিয়ে তৃণমূলের দুই শিবিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। এই প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন সন্তোষ পাঠক। তাঁর বক্তব্য, শহরের প্রাণকেন্দ্রে রাস্তা দখল করে কোনও রাজনৈতিক দলকেই কর্মসূচি করার অনুমতি দেওয়া উচিত নয়।