১১ বছর পর বকেয়া পাওয়ার পথে রায়গঞ্জ পুরসভার ঠিকাদাররা
দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৬
এ যেন একই যাত্রায় পৃথক ফল! একজনকে টাকা মিটিয়ে দিলেও বাকি ১৯৯ জনের টাকা মেটানো হলো না কেন ? প্রশ্ন ছিল মামলাকারীদের। দীর্ঘ আইনি জট কাটিয়ে ১১ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার প্রায় ২০০ জন ঠিকাদারের। ২০১৫ সালের টেন্ডারের আওতায় ২৭১টি প্রকল্পের কাজ সম্পূর্ণ করলেও এতদিন বকেয়া অর্থ পাননি তাঁরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী নির্দেশ দিয়েছেন, মামলাকারী ঠিকাদারদের প্রাপ্য অর্থ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যকে অর্থ মেটানোর নির্দেশ দিলেও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় পুরসভা। গত বছর ডিভিশন বেঞ্চ পুরসভার আবেদন খারিজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেয়। তবে একজন ঠিকাদার টাকা পেলেও অধিকাংশ মামলাকারীর টাকা আটকে থাকে। এরপর তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন।