এক আসনে বসে অচেনা পুরুষ যাত্রীর সঙ্গে সফর করতে নারাজ বহু মহিলা, আরএসি টিকিট নিয়ে নাকাল টিটিইরা
বর্তমান | ০৩ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রেনের আরএসি টিকিট নিয়ে চরম বিড়ম্বনায় রেল। আরএসি টিকিটে অপরিচিত পুরুষ যাত্রীর সঙ্গে একই আসনে সফর করতে রাজি হচ্ছেন না বহু মহিলা যাত্রী। ফলে চলন্ত ট্রেনে মূলত মহিলা যাত্রীদের থেকে আসন বদলে দেওয়ার জন্য বারবার অনুরোধ আসছে। তা সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষকদের। এসংক্রান্ত বিষয়ে ভুরি ভুরি অভিযোগও জমা পড়ছে রেলমন্ত্রকে। একটি আরএসি (রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন) টিকিটে একটিই আসন দু’জন ওই ক্যাটিগরিভুক্ত যাত্রীকে ‘অ্যালট’ করে রেল। কিন্তু এক্ষেত্রে পুরুষ ও মহিলা যাত্রীকে আলাদা করার কোনো ব্যবস্থা রেলের ‘ডিফল্ট’ সিস্টেমে নেই। অভিযোগ, এক্ষেত্রেই ফ্যাসাদে পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের। সঙ্গে টিটিইদেরও। বিশেষত যেসব ট্রেনে ‘ওভারনাইট’ জার্নি রয়েছে, সেইসব ক্ষেত্রে আরএসি টিকিট থাকা মহিলা যাত্রীদের একটি বড়ো অংশই অপরিচিত কোনো পুরুষের সঙ্গে আসন ‘শেয়ার’ করতে চাইছেন না। টিটিইকে আর্জি জানাচ্ছেন যাতে, অবিলম্বে তাঁদের আসন পাল্টে দেওয়া হয়। টিটিইদের বোঝাতে হচ্ছে, ট্রেনে ফাঁকা আসন না থাকার জন্যই তাঁরা কনফার্মড বার্থ পাননি। আসনই যদি না থাকে, তাহলে তা পাল্টে দেওয়া কীভাবে সম্ভব? টিকিট পরীক্ষকদের একাংশের অভিযোগ, অনেক মহিলা রেল যাত্রীই তা বুঝতে চাইছেন না। ফলে সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। যদিও রেলমন্ত্রক এব্যাপারে কোনো মন্তব্য করেনি। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, মেল-এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধি করলেই এই সমস্যার সমাধান সম্ভব। সেই প্রক্রিয়া চলছে।