• ১৫ নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ অসমের বাসিন্দা
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য আদালতে ১৫ নথি জমা দিয়েছিলেন অসমের এক ব্যক্তি। তার পরেও নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন না পেশায় দিনমজুর ওই ব্যক্তি। গত বুধবার তাঁর দায়ের করা আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাইকোর্ট। বিচারপতি কল্যাণরাই সুরানা ও বিচারপতি শামিমা জাহান-এর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আবেদনকারীর জমা দেওয়া নথিগুলি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়।

    জানা গিয়েছে, ওই আবেদনকারীর জন্ম ১৯৮৮ সালে। বর্তমানে গুয়াহাটির কাছে ভাড়াবাড়িতে থাকেন তিনি। নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণের জন্য ১৯৫১ সালের এনআরসির একটি কপি জমা দিয়েছেন তিনি। সেখানে তাঁর বাবা, ঠাকুরদার নাম রয়েছে। পাশাপাশি, ১৯৬৬ থেকে বিভিন্ন বছরের ভোটার তালিকার প্রতিলিপি, ১৯৭৩ সালের একটি জমির দলিল, স্কুলের শংসাপত্র, প্যান কার্ড এবং সচিত্র ভোটার পরিচয়পত্রও জমা দিয়েছেন ওই ব্যক্তি। এছাড়াও পারিবারিক বংশপরিচয় দিতে আবেদনকারীর বাবাও ফরেনার্স ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। 

    একদিন আগে বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি শামিমা জাহানের বেঞ্চে এই মামলাটি উঠেছিল। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আবেদনকারী দাবি করলেও বংশপরিচয়ের সঙ্গে তাঁর সংযোগ স্থাপন করতে পারেনি এই নথিপত্রগুলি। শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, আবেদনকারী ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’-এর ৯ নম্বর ধারার অধীনে নিজেকে ভারতীয় প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বিষয়টি পর্যালোচনা করে আদালত ট্রাইব্যুনালের আদেশে হস্তক্ষেপ করার কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি। এর পরেই আবেদন খারিজ করে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)