• জল থইথই মুম্বইয়ে খোলা ম্যানহোলে পড়ে মৃত প্রৌঢ়, মেয়রের ইস্তফা দাবি
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • মুম্বই: এমনিতেই প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই শহরের নানা প্রান্ত। এই অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শহরের খইরানি রোড। তুমুল বৃষ্টির মধ্যে অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যান ৫৫ বছরের আসলম ইসাফ শেখ। ঘণ্টা দুয়েক তল্লাশির পর আন্ধেরি-সাকি নাকা এবং যোগেশ্বরীর মাঝে এক জায়গায় থেকে তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আসলমকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ জানিয়েছে, রাস্তার জমা জল সরাতে পুরসভার তরফে ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজের জন্যই ওই ম্যানহোলের ঢাকা খুলে দেওয়া হয়। তবে সে ব্যাপারে সাধারণের কাছে কোনো আগাম সতর্কতা ছিল না। বৃহন্মুম্বই পুরনিগমের ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ি ওই ঠিকাদারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন। একইসঙ্গে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন মেয়র বিজেপির রিতু তাওড়ের বিরুদ্ধে। শিবসেনা নেতা ঘাড়ি বলেন, ‘খোলা ম্যানহোল যে রাস্তায় থাকতে পারে, তা নিয়ে মেয়রের ঘোষণা করা উচিত ছিল। তা তিনি করেননি। অবিলম্বে মেয়রের ইস্তফা দেওয়া উচিত।’ স্বাভাবিকভাবেই ম্যানহোল মৃত্যুতে জোটসঙ্গী দুই দলেরই এহেন কাদা ছোড়াছুড়ি দলীয় কোন্দলকেই সামনে আনল বলা যেতে পারে।  এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও কয়েকদিন মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দাদর, পারেল, হিন্দমাতা, চারকোপ, ওরলি, গোরেগাঁও এবং আন্ধেরির মতো শহরের মূল মূল জায়গায় জল জমে যান চলাচল পুরোপুরি বিঘ্নিত। শহরের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও বেসামাল। মুম্বইয়ের পাশাপাশি গুজরাতেও লাগাতার ভারী বৃষ্টি চলছে। আগামী ৫ জুলাই পর্যন্ত রাজ্যের চারটি জেলায় লাল সতর্কতা ও পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মরশুমের প্রথম বৃষ্টিতেই আমরেলিতে রাস্তায় চিড়। বর্ষার কোপে জর্জরিত উত্তরাখণ্ডও। রাজ্যের অন্তত ৬০টি গুরুত্বপূর্ণ রাস্তা বোল্ডার পড়ে অবরুদ্ধ। রুদ্রপ্রয়াগে অবিরাম বৃষ্টিতে অলকানন্দার জলস্তর অনেক বেড়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)