• হোয়াটসঅ্যাপের পর 'ইউজারনেম' ফিচার নিয়ে এবার কেন্দ্রের নোটিশ টেলিগ্রাম ও সিগন্যালকেও
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি, ২ জুলাই: হোয়াটসঅ্যাপ এর পর এবার কেন্দ্রের স্ক্যানারে আরো দুই ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল।  হোয়াটসঅ্যাপে আসতে চলা নতুন 'ইউজারনেম' ফিচারকে কেন্দ্র করে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। অনলাইনে প্রতারণা ও ভুয়ো পরিচয়ের আশঙ্কা থেকে এবার শুধু হোয়াটসঅ্যাপ নয়, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম ও সিগন্যালকেও নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 

    সম্প্রতি মেটা ঘোষণা করেছে, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে চালু হবে 'ইউজারনেম' ফিচার। এর ফলে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে সরকারি মহলের আশঙ্কা, এই সুবিধার অপব্যবহার করে প্রতারকরা পরিচিত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নামে বিভ্রান্তিকর ইউজারনেম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও চ্যাটের গোপনীয়তা নিয়েও একাধিক সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই প্রথমে মেটাকে নোটিস পাঠানো হয়। পরে একই বিষয়ে ব্যাখ্যা চেয়ে টেলিগ্রাম ও সিগন্যালকেও চিঠি পাঠিয়েছে কেন্দ্র। যদিও টেলিগ্রামে বহুদিন ধরেই ইউজারনেম ব্যবহারের সুবিধা রয়েছে। অন্যদিকে, সিগন্যালে এই ফিচারটি ঐচ্ছিক। সূত্রের খবর, টেলিগ্রামের কাছে জানতে চাওয়া হয়েছে, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখে এই সুবিধা চালু রাখা হয়েছে এবং তা অপব্যবহার রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। 

    কেন্দ্রের উদ্বেগের জবাবে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানিয়েছেন, 'ইউজারনেম' ফিচারটি এখনও কোনও দেশে চালু হয়নি। চলতি বছরের শেষের দিকে ধাপে ধাপে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, ফিচার চালুর আগেই জনপ্রতিনিধি, সরকারি সংস্থা, বিশিষ্ট ব্যক্তি এবং ভেরিফায়েড মেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত 'ইউজারনেম' সংরক্ষিত থাকবে। ফলে সেই নামগুলি অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি, আসল 'ইউজারনেম'-এর সঙ্গে মিল রয়েছে বা বিভ্রান্তি তৈরি করতে পারে এমন নামও ব্লক করা হবে, যাতে ভুয়ো পরিচয়ে প্রতারণার সুযোগ না থাকে। 

    এদিকে, হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত 'ইউজারনেম'  ফিচারকে ঘিরে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা মহলে মতভেদ তৈরি হয়েছে। একাংশের মতে, ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহারের সুযোগ ভুয়ো পরিচয় তৈরি এবং অনলাইন প্রতারণার ঝুঁকি বাড়াতে পারে। তবে অন্য বিশেষজ্ঞদের দাবি, হোয়াটসঅ্যাপ যে নিরাপত্তা ব্যবস্থা চালুর কথা জানিয়েছে, তা কার্যকর হলে এই ধরনের অপব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, ফোন নম্বরের ওপর নির্ভরতা কমলে 'সিম-সোয়াপ' প্রতারণার মতো অপরাধও কমতে পারে। 
  • Link to this news (বর্তমান)