• ৭৫ হাজার টাকার জাল নোট সহ ধৃত
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, জঙ্গিপুর: ফের বড়োসড়ো জালনোট চক্রের হদিশ মিলল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। প্রায় ৭৫ হাজার টাকার জালনোট সহ এক বাইক আরোহী যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের নাম সানাউল শেখ। পুলিশ জানিয়েছে, তার বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর গ্রামে। বাইক নিয়ে ধুলিয়ান ফেরিঘাট এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালালে বাইকের ডিক্কি থেকে জালনোট উদ্ধার হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করতে চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের জামিনের আবেদন খারিজ করে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ানের কলাবাগান ফেরিঘাট এলাকায় ওই যুবক বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালায় এবং সন্দেহভাজন ওই যুবককে আটক করে। এরপর তার তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০০ টাকার থরে থরে নোট। গোনাগুনতি করতেই দেখা যায়, যুবকের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ওই জাল নোটগুলি হাতবদল করতেই নিয়ে আসা হচ্ছিল। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের বৈষ্ণবনগর এলাকা থেকে এই বিপুল পরিমাণ জাল নোট ধুলিয়ানে কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রের পিছনে আর কোনো বড়ো মাথা জড়িয়ে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই জাল নোট পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতেই ধৃতকে জেরা শুরু করবেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)