• পিংলা ব্লক তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার বন্দুক ও তাজা কার্তুজ, বিক্ষোভ বিজেপির
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, খড়্গপুর: বৃহস্পতিবার বিকেলে পিংলা ব্লক তৃণমূলের কার্যালয় থেকে একটি বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। সেইসঙ্গেই সাদা থান সহ নানা জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফল বেরোনোর পর থেকেই বন্ধ ছিল পিংলা ব্লক তৃণমূলের এই কার্যালয়। এদিন বিকেলে ওই এলাকায় বিজেপির বিজয় মিছিল ছিল। সেইসময়ই বিজেপির কর্মী সমর্থকরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ওই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। এই পার্টি অফিসে অস্ত্রশস্ত্র মজুত থাকতে পারে বলে অভিযোগ করা হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসী ও বিজেপি কর্মীদের চাপে কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। তল্লাশি চালিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি পিস্তল এবং ছ’টি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গেই বেশ কিছু সাদা কাপড়, ঘাস মারা বিষ ও সিরিঞ্জও উদ্ধার হয় বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নেতা গোবিন্দ দাস বলেন, ‘এই পার্টি অফিস থেকে সমস্ত ধরনের দুষ্কর্ম চালানো হতো। বোমা-বন্দুক যেত জেলার বিভিন্ন জায়গায়। তৃণমূল জিতলে এই এলাকাকে শ্মশানে পরিণত করা হতো।’’ স্থানীয়দের দাবি, পিংলা ব্লক তৃণমূলের বিদায়ী সভাপতি শেখ সবেরাতির নেতৃত্বেই এই কার্যালয়ে নানা অসামাজিক কার্যকলাপ চালানো হতো। এদিন অবশ্য সবেরাতি সাহেবের ফোন বন্ধ ছিল। পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, ‘আমি অসুস্থ। হাসপাতালে আছি।’ মমতা ঘনিষ্ঠ অজিতবাবুর সঙ্গে অবশ্য অভিষেক ঘনিষ্ঠ সবরাতি সাহেবের সম্পর্ক বরাবরই শীতল! এদিন সবেরাতি সাহেবের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাঁর বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তি নিয়ে অভিযোগ তোলেন বিজেপির কর্মী সমর্থকরা। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পিংলার ওই তৃণমূল কার্যালয় থেকে একটি সিক্স এমএম পিস্তল ও কিছু কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)