• হ্যাম রেডিয়োর উদ্যোগে নিখোঁজ মহিলার সন্ধান মিলল মুম্বইয়ে
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: নিখোঁজ হয়ে গিয়েছিলেন উলুবেড়িয়ার এক মানসিক ভারসাম্যহীন মহিলা। হ্যাম রেডিওর উদ্যোগে তাঁর খোঁজ পাওয়া গেল মুম্বইয়ের একটি হোমে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। মহিলার পরিবার সূত্রে খবর, একটু সুস্থ হলে তাঁকে বাড়িতে নিয়ে আসা হবে।

    উলুবেড়িয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। ২০২৪ সালে একবার বাড়ি থেকে বেরিয়ে তিনি গুজরাতে চলে যান। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে আসেন। এরপর আরও একাধিকবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।তাঁরা জানান, বছর খানেক আগে ফের ওই মহিলা নিখোঁজ হয়ে যান। এবার ওই মহিলাকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। একটি হোমে তাঁকে রাখা হয়। সেখানে ওই মহিলা বাংলায় কথা বলছেন দেখে হোম কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করে। এরপর তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজখবর চালান। তিনদিন আগে তাঁরা জানতে পারেন, মহিলার বাড়ি উলুবেড়িয়ায়। এরপরেই তাঁরা মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাস বলেন, ভিডিও কলে ওই মহিলার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কথা বলিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)