নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরাখণ্ডের দুর্গম ও সুউচ্চ ট্রেক রুট ‘কালিন্দী পাস’ (৫৯৪২ মিটার) অভিযান সফল করে কলকাতায় ফিরে এলেন একদল বাঙালি অভিযাত্রী। দলনেতা বিনয় বারাইয়ের নেতৃত্বে এই দলে ছিলেন লাল্টু দাস, সুস্মিত পাল, সুব্রত প্রামাণিক ও মিলন মণ্ডল। মে মাসের ৩০ তারিখ তাঁরা কলকাতা থেকে যাত্রা শুরু করেন। গঙ্গোত্রী থেকে তাঁরা দুর্গম পার্বত্য পথে হাঁটা শুরু করেন। তারপর একে একে ভোজবাসা, তপোবন, নন্দনবন, বাসুকিতাল ইত্যাদি স্থান হয়ে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া ও তুষারপাতের সঙ্গে লড়াই করে তাঁরা কালিন্দী পাস বেস ক্যাম্পে পৌঁছান। গত ১১ জুন সেখান সকালে যাত্রা শুরু করে আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে যান তাঁদের অভীষ্ট লক্ষ্যে। নেমে আসার পথেও প্রবল তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। অস্থায়ী ক্যাম্প করতে হয়। অবশেষে আবহাওয়া অনুকূল হলে দলের প্রত্যেকে ঘস্তোলি হয়ে বদ্রীনাথে পৌঁছান। ১৮ জুন তাঁরা কলকাতায় ফিরে আসেন।