মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও আইটিআই উত্তীর্ণদের কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ
বর্তমান | ০৩ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করিয়ে রাজ্যের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে চাইছে বিজেপি সরকার। মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস। কিংবা আইটিআইয়ে পড়াশোনা শেষ। কিন্তু তা সত্ত্বেও মিলছে না চাকরি। এমন পরিস্থিতিতে যুবক যুবতীদের দক্ষতা (স্কিল ডেভেলপমেন্ট) বাড়িয়ে তাঁদের রোজগারের পথ সুগম করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
জানা যাচ্ছে, শীঘ্রই কলকাতায় ‘রিজিওনাল টেকনিক্যাল কনক্লেভে’র আয়োজন করা হবে। এরই পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলির স্কিল এডুকেশন মন্ত্রীদের নিয়ে বাংলায় হবে বিশেষ সম্মেলনও। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। ওই বৈঠকেই এব্যাপারে প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এসংক্রান্ত যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই বাংলায় যাবেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরী। অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই নীতি আয়োগে রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জগন্নাথবাবু এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
বুধবার সন্ধ্যায় দিল্লিতে রাজ্যের দু’জন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও। টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বিগত ১৫ বছরে রাজ্যের কোনো মন্ত্রী কিংবা আমলা এব্যাপারে কেন্দ্রের সঙ্গে যোগাযোগই করেননি। অথচ প্রযুক্তিগত দক্ষতা আরও বৃদ্ধি করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা আইটিআই পাস আউটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। আগের সরকার তা খতিয়েই দেখেনি। আমরা ইতিমধ্যেই এবিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছি। রাজ্যে গিয়ে আরও বিস্তারিত দিশা নির্দেশ তৈরি করা হবে।’