• পুকুরে তরুণীর দেহ উদ্ধার
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১২ জুলাই ছিল বিয়ে। বাড়িতে বিয়ের তোড়জোড় তুঙ্গে। আত্মীয়দের হাতে পৌঁছে যাচ্ছিল নিমন্ত্রণপত্র। কিন্তু সানাই বাজার আগে শোকের ছায়া নেমে এল পরিবারে। বৃহস্পতিবার সকালে হাবড়ার জয়গাছি শ্রীনগরে পুকুর থেকে উদ্ধার হল হবু কনের দেহ। মৃতার নাম মৃদুলা সাহা (২৫)। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃদুলা হাবড়া চৈতন্য কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। হাবড়ার হিজলপুকুর এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। ১২ জুলাই ছিল বিয়ে। পরিবারের দাবি, বুধবার রহস্যজনকভাবে বাড়ি থেকে বেরিয়ে যান মৃদুলা। বেরনোর সময় নিজের মোবাইল ফোন বাড়িতেই রেখে যান। ফোন থেকে সব নম্বরও মুছে দেওয়া ছিল। রাতেই হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাবা। 

    বৃহস্পতিবার সকালে পাড়ার একটি পুকুরের জলে কিছু ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে দেখা যায়, সেটি তরুণীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে। পরে পরিবার দেহ শনাক্ত করে। মৃদুলার পরনে ছিল হলুদ-কালো চুড়িদার, চুলে লাগানো ছিল ক্লিপ। মৃতার বাবা প্রকাশ সাহার দাবি, মেয়েকে খুন করা হয়েছে। বুধবার বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি মেয়ে নেই। হাবড়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)