• মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, চারদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া, মাইকিং
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হল। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চারদিন বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল হয়ে থাকবে। তাই এই কয়েকদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এনিয়ে সুন্দরবন এলাকায় মাইকিংও শুরু হয়েছে।

    বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে নদীপথে মাইকিং করা হয়। এছাড়া মৎস্যজীবী সংগঠনগুলিও তাদের সদস্যদের সতর্ক করার কাজ শুরু করেছে। এদিন নদীপথে মাইকিং করে মৎস্যজীবীদের জানানো হয়, শুক্রবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। তাই মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান। তাছাড়া যে সব মৎস্যজীবী মাছ ধরার জন্য এখনও পর্যন্ত গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।

    এবিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার রাতের মধ্যে গভীর সমুদ্রে থাকা সকল মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)