• মধ্যমগ্রাম রেল স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাইকোর্টের
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনির পর এবার মধ্যমগ্রাম! রেল স্টেশন থেকে হকার উচ্ছেদে অন্তর্বতী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। 

    অনান্য জায়গার মত মধ্যমগ্রাম রেল স্টেশনে হকার উচ্ছেদকে চ্যালেঞ্জ  করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত ওই স্টেশনে উচ্ছেদের ক্ষেত্রে সকলের জন্যই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। পরবর্তী শুনানির আগে পর্যন্ত লাগু থাকবে এই নির্দেশ।

    এদিন মামলার শুনানিতে রেলের আইনজীবী ধীরজ ত্রিবেদী দাবি করেন, হকার উচ্ছেদ করতে কোনো নোটিস লাগে না। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ‘কিন্তু আপনারা নোটিস দিয়েছেন। কোন কাঠামো উচ্ছেদ করা হবে, সেটা বলুন। না হলে নোটিস খারিজ করব।’ এরপরই কারা লাইসেন্সপ্রাপ্ত, কারা নয়, কাদের কাঁচা কাঠামো, কাদের পাকা কাঠামো রয়েছে, সেগুলি ভাগ করা হয়েছে কি না, রেলের কাছে জানতে চান বিচারপতি। রেলের আইনজীবী বলেন, যে ১৩ জন আদালতে এসেছে, তাঁদের ছাড় দেওয়া হয়েছে, তাহলে এখন সবার জন্য অর্ডার দেওয়ার কথা কেন বলা হচ্ছে? যত হকার আছে সবাইয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া অসম্ভব বলে দাবি করেন তিনি। যদিও বেঞ্চ জানিয়ে দেয়, ‘আপনারা কাদের নোটিসের মধ্যে আনছেন? যদি বলেন আলাদা আলাদা করে প্রত্যেককে নোটিস দেবেন না, তাহলে একইসঙ্গে হকাররাও স্থগিতাদেশ পাবেন।’ এর আগে হকার উচ্ছেদ সংক্রান্ত অন্য একটি মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, রেলকে উচ্ছেদের আগে বিকল্প জায়গা বেছে দিতে হবে। 
  • Link to this news (বর্তমান)