বারাসতে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করালেন বাসিন্দারা
বর্তমান | ০৩ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহিলার পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনা ও পরে কান ধরে উঠবস। বারাসতের নবপল্লির এই ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে চর্চা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাসিন্দাদের উপস্থিতিতে সোমনাথ দে নামে এক তৃণমূল নেতাকে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বর্তমান)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর নেপথ্যে রয়েছে পাঁচ বছর আগের একটি ঘটনা। অভিযোগ, তখন এলাকার কয়েকজন মহিলাকে লক্ষ্য করে কটূক্তি এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন তৃণমূল নেতা সোমনাথ দে। সেই সময় ক্ষোভ ধামাচাপা পড়ে যায়। সম্প্রতি সেই পুরনো অভিযোগ ফের সামনে আসতেই অভিযুক্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
ভিডিয়োয় দেখা যায়, এক মহিলার সামনে গিয়ে মাথা নত করে তাঁর পা ছুঁয়ে ক্ষমা চাইছেন সোমনাথ। আশপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ। তাঁদের সামনেই কান ধরে উঠবস করতে দেখা যায় অভিযুক্তকে। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে এই ধরনের ঘটনা ঘটছে। যদিও যাঁর কাছে ক্ষমা চাওয়া হয়েছে, সেই মহিলা ভিডিয়ো নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। সোমনাথ বা তৃণমূল নেতৃত্বও এনিয়ে নীরব।-নিজস্ব চিত্র