নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনার গয়না তৈরির অর্ডার নিয়ে বহু ক্রেতার থেকে অগ্রিম টাকা নিয়েছিলেন বাবা ও ছেলে। তারা দু’জনেই পেশায় স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু সময় পেরিয়ে গেলেও গয়না ডেলিভারি করতে ব্যর্থ হন তাঁরা। ফলে ক্রেতাদের দিক থেকে চাপ আসছিল বাবা ও ছেলের উপর। পরিস্থিতি বেগতিক বুঝে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ছেলে শুভ কর্মকার (৩৫)। অন্যদিকে, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাবা সমর কর্মকারকে। রাজপুর সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ ও সমর কর্মকারের সোনার গয়নার দোকান রয়েছে ২১ নম্বর ওয়ার্ডে। কয়েক বছর ধরেই এই ব্যবসা তাঁদের। পাড়ার বহু মহিলা এখানে গয়না বানানোর জন্য অর্ডার দিয়েছিলেন। কারও থেকে অগ্রিম হিসাবে পাঁচ হাজার, কারও থেকে ১০ হাজার টাকা নিয়েছিলেন তাঁরা। অভিযোগ, গয়না ডেলিভারির নাম করে তাঁরা দিনের পর দিন ঘুরিয়ে গিয়েছেন ক্রেতাদের। থানায় অভিযোগ দায়ের করেন অন্তত ৩০-৪০ জন।