• প্রকাশ্যে 'কলকাতা কোলাজ'-এর চরিত্রদের লুক! সম্পর্কের কোন সমীকরণে বাঁধা পড়বেন অর্পণ-বাসবদত্তারা
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • সবসময় প্ল্যাটফর্মের আসছে নতুন ওয়েব সিরিজ, 'কলকাতা কোলাজ'। পরিচালক পার্থ সেনের এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্পণ ঘোষাল, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজলা গুহ-সহ আরও অনেককে। এদিন প্রকাশ্যে এল এই নতুন সিরিজের চরিত্রদের লুক।

    কলকাতার প্রাণবন্ত পটভূমিতে নির্মিত ‘কলকাতা কোলাজ’ মানবিক সম্পর্কের নানা রঙকে তুলে ধরবে এক অনন্য আঙ্গিকে। একাধিক আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে সিরিজটি ভালবাসা, বিচ্ছেদ, অপেক্ষা, বন্ধুত্ব, অনুশোচনা এবং আত্ম-উপলব্ধির মতো আবেগকে স্পর্শ করবে।

    মূলত আশা, লড়াই এবং মানুষে মানুষে অদৃশ্য বন্ধনের গল্প বলবে ‘কলকাতা কোলাজ’। এখানে কলকাতা শুধুমাত্র একটি শহর নয়, বরং যেন গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যার নিজস্ব আবহ, অনুভূতি এবং আত্মা রয়েছে, আর সেগুলোই প্রতিটি গল্পকে আরও গভীর করে তুলবে।

    এই ওয়েব সিরিজে সপ্তর্ষির ভূমিকায় থাকবেন অর্পণ ঘোষাল। সাম্য এবং অ্যানির ভূমিকায় যথাক্রমে অভিনয় করবেন রব দে এবং সৃজলা গুহ। শিখার চরিত্রে ধরা দেবেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়িও থাকবেন এই সিরিজে। তাঁর চরিত্রের নাম বীরেশ্বর। মদন হয়ে পর্দায় আসবেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। প্রিয়ার ভূমিকায় থাকবেন অনন্যা সেন।প্রতিটি চরিত্রের আলাদা আলাদা ইমোশনাল জার্নি ফুটে উঠবে এই সিরিজে। থাকবে তাদের নিজেদের দর্শন।

    এই সিরিজের বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক পার্থ সেন বলেন, "সবসময়ের তরফে যে নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করা হল, সেটার সফরের অংশ হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। এখানে ৪টি আলাদা গল্প তুলে ধরা হবে। থাকছে দুর্দান্ত কাস্ট, যেমন দুলাল লাহিড়ি, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, রব দে, প্রমুখ। ওঁদের প্রত্যেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণই ভাল। আমি মুখিয়ে আছি দর্শকদের কেমন লাগে সিরিজটি সেটা জানার জন্য।"

    ‘কলকাতা কোলাজ’ সবসময়ের আসন্ন অরিজিনাল কনটেন্ট তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে, যা দর্শকদের জন্য নিয়ে আসবে আবেগ, সম্পর্ক এবং জীবনের নানা রঙে ভরপুর এক সমৃদ্ধ অভিজ্ঞতা।
  • Link to this news (আজকাল)