• মনোজ তিওয়ারির অফিস সংলগ্ন গোডাউন থেকে কী মিলল জানেন?
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে সরগরম রাজনীতি। এবার কাঠগড়ায় খোদ প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। বালিটিকুড়ি এলাকায় তাঁর প্রাক্তন বিধানসভা কার্যালয় সংলগ্ন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল ও বালতি উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। দুর্নীতি ও রাজনৈতিক অপরাধের অভিযোগে সরব হয়ে ঘটনাস্থলে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

    উদ্ধার হওয়া ত্রাণের পাহাড় সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। ঘটনাস্থল থেকে এক ক্ষুব্ধ আন্দোলনকারী সরাসরি রাজনৈতিক অপরাধের অভিযোগ তুলে বলেন, "বর্তমানে মনোজ তিওয়ারি আর এমএলএ পদে নেই, তা সত্ত্বেও কীভাবে এত সরকারি ত্রাণ সামগ্রী এখানে মজুত থাকে? এর আগেও এখান থেকে বহু ত্রাণ সামগ্রী চুরি করে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।"তাঁর আরও অভিযোগ, প্রাক্তন বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ চারজন ব্যক্তি— বিপ্লব মণ্ডল, স্বপন মণ্ডল, তিলকেশ মণ্ডল এবং মনোজ তিওয়ারির আপ্তসহায়ক (PA) পীযূষ মিশ্র সরাসরি এই চুরির চক্রের সঙ্গে যুক্ত। ওই বিক্ষোভকারীর দাবি, "এই চারজন ব্যক্তির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এদের এবং মনোজ তিওয়ারিকে অবিলম্বে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।"

    ঘটনাস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী, গোডাউনটি থেকে যে পরিমাণ ত্রিপল, কাপড়, কম্বল ও বালতি উদ্ধার হয়েছে, তা দিয়ে গোটা অঞ্চলের দুস্থ মানুষের প্রয়োজন মিটে যেত। প্রাকৃতিক বিপর্যয় বা জরুরি কালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই সরকারি ত্রাণ কীভাবে একজন প্রাক্তন জনপ্রতিনিধির দপ্তরে আটকে রইল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, গরিব মানুষের হকের সামগ্রী আত্মসাৎ করে তা কালোবাজারে বিক্রি করার এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছিল এখানে।

    ঘটনার খবর পেয়েই বালিটিকুড়ির ওই গোডাউনে পৌঁছায় পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত সরকারি সামগ্রী বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। একদিকে বিজেপি যেখানে প্রাক্তন বিধায়ক ও তাঁর অনুগামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে, অন্যদিকে এই বিষয়ে প্রাক্তন বিধায়কের শিবিরের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনারতদন্ত শুরু হয়েছে এবং এই গোডাউনের মালিকানা ও ত্রাণ মজুতের আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)