অনলাইনে খতিয়ান ও প্লট তথ্য মিলবে সম্পূর্ণ বিনামূল্য
আজকাল | ০৩ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: জমি সংক্রান্ত পরিষেবা আরও সহজ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে অনলাইনে আবেদন করলে খতিয়ান এবং প্লট ইনফরমেশনের ডিজিটালি স্বাক্ষরিত সফট কপি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই পরিষেবার জন্য আর কোনও আবেদন ফি বা অথেন্টিকেশন ফি দিতে হবে না।
বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন, ১৯৫৫ এবং বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল, ১৯৪৩-এর সংশ্লিষ্ট বিধিতে সংশোধন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ডিজিটাল ল্যান্ড রেকর্ডস ডেটাবেসে উপলব্ধ খতিয়ানের কপি অনলাইনে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। একটি বা একাধিক খতিয়ানের জন্য পৃথকভাবে আবেদন করা গেলেও কোনও ক্ষেত্রেই আবেদন ফি বা অথেন্টিকেশন ফি নেওয়া হবে না।
একইসঙ্গে, অনলাইনের মাধ্যমে ডিজিটালি স্বাক্ষরিত প্লট ইনফরমেশনের সফট কপিও বিনামূল্যে দেওয়া হবে। তবে, আগের মতোই সার্টিফায়েড হার্ড কপি বা অন্যান্য নথি সংগ্রহের ক্ষেত্রে প্রচলিত সরকারি ফি বহাল থাকবে। অর্থাৎ, শুধুমাত্র ডিজিটাল সফট কপির ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য হবে।
রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জমি সংক্রান্ত নথি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হবে, সরকারি পরিষেবা পেতে অযথা আর্থিক ব্যয় কমবে এবং ডিজিটাল পরিষেবার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। একই সঙ্গে সরকারি দপ্তরে ভিড় কমবে এবং নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় জমির নথি সংগ্রহ করতে পারবেন।
অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর এই সংশোধনী কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হয়েছে। ফলে এখন থেকেই পশ্চিমবঙ্গের নাগরিকরা অনলাইনে বিনামূল্যে খতিয়ান এবং প্লট সংক্রান্ত ডিজিটাল তথ্য সংগ্রহের সুবিধা পাবেন।