• হাওড়া জেলা পরিষদে নতুন বোর্ড গঠন
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুলাই ২০২৬
  • দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এবং অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে জট কাটার পর হাওড়া জেলা পরিষদে গঠিত হল নতুন বোর্ড। শুক্রবার একটি বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে গোপা ঘোষকে সভাধিপতি এবং তুষার ঘোষকে সহ-সভাধিপতি হিসেবে নির্বাচিত করা হয়।

    রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৎকালীন সভাধিপতি কাবেরী দাস ও সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর ৪১ সদস্যের জেলা পরিষদে তৃণমূলের ২৫ জন সদস্য তাঁদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে জেলা প্রশাসনের কাছে জমা দেন।

    অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী কাবেরী দাস ও অজয় ভট্টাচার্য পদত্যাগ করেন। এরপর নির্ধারিত নিয়ম মেনে শুক্রবার নতুন বোর্ড গঠনের জন্য জেলা পরিষদের বৈঠক ডাকা হয়। বৈঠকে প্রাক্তন সভাধিপতি ও সহ-সভাধিপতি ছাড়া মোট ৩৬ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের সর্বসম্মত সমর্থনেই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ গোপা ঘোষ নতুন সভাধিপতি এবং তুষার ঘোষ সহ-সভাধিপতি নির্বাচিত হন।

    দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সহ-সভাধিপতি তুষার ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি জানান, রাজনৈতিক বিভেদ ভুলে হাওড়া জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে সঙ্গে নিয়েই কাজ করবে নবগঠিত জেলা পরিষদ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)