‘দুর্নীতিবাজ’ উপপ্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর বাইকে আগুন, অগ্নিগর্ভ শ্যামপুর
প্রতিদিন | ০৩ জুলাই ২০২৬
দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ। হাওড়ার (Howrah) শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুর স্থানীয়দের। বাড়ির জানালার কাচ ভেঙে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে দু’টি বাইক, বাড়ির ভিতরে থাকা সোফা-সহ নানা আসবাবপত্র। সদানন্দবাবুর পরিবারের লোকেদের মারধর করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে। আর নতুন করে যাতে অশান্তি না হয় তাই ঘটনাস্থলে শ্যামপুর থানার বিরাট পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে নাকল পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাস। তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী। এক দশকেরও বেশি সময় তিনি প্রশাসনের সঙ্গে যুক্ত। ধুধুট্টি এলাকায় তাঁর বাস। শুক্রবার সকাল ন’টা নাগাদ হঠাৎই প্রচুর লোকজন তাঁর দোতলা বাড়ির সামনে আসে। সেই সময় সদানন্দ দাস বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের লোকেরা বাড়িতে ছিলেন। গ্রামবাসীরা সদানন্দ দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। গালিগালাজ করতে থাকে বলেও অভিযোগ। এরপর হঠাৎই উত্তেজিত জনতা ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেখানে থাকা সোফা-সহ নানা আসবাবপত্র টেনে বের করে আনা হয়। বাইরে থাকা দু’টি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যান্য কাঠের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার বিশাল পুলিশবাহিনী ও র্যাফ। পুলিশ জানিয়েছে, ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদানন্দ দাস বলেন, “ডাক্তার দেখাতে বাইরে এসেছিলাম তখনই শুনি এই ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ সুপরিকল্পিত। বিরাট ক্ষতি করা হয়েছে। পরিবারের ছেলেদের মারধর করা হয়েছে। তাদের স্কুল যাওয়ার পোশাক পুড়িয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্র, বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়টা থানায় লিখিত অভিযোগ জানাব।”