• একের পর এক কাউন্সিলরের পদত্যাগ, চন্দননগরের পর আসানসোল পুরনিগমও হাতাছাড়ার আশঙ্কা তৃণমূলের!
    প্রতিদিন | ০৩ জুলাই ২০২৬
  • এর আগে চন্দননগর পুরনিগম হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। দলের কাউন্সিলররা পদত্যাগ করেছিলেন। এবার সেই একই ছবি আসানসোল পুরনিগমে! একের পর এক দলের কাউন্সিলররা পদত্যাগ করলেন। আরও একাধিক কাউন্সিলর পদত্যাগের পথে বলে অন্দরের খবর। শুক্রবার এই ঘটনায় শহরজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোড়ন। আসানসোল পুরসভায় মোট ১০৬টি ওয়ার্ড রয়েছে। আজ, শুক্রবার তৃণমূলের পাঁচ হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। অশোক রুদ্র, ডাক্তার দেবাশিস সরকার ও কুলটির চৈতন্য মাজি অন্যতম।

    চৈতন্য মাজি শুধু কাউন্সিলর নন, তিনি বোরো চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে খবর। অন্যদিকে, ডাক্তার দেবাশিস সরকার আগেই বোরো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। এবার ছাড়লেন কাউন্সিলর পদও। বিদায়ী কাউন্সিলর অশোক রুদ্রও এবার ক্ষোভ উগড়ে পদত্যাগ করলেন। অশোক এদিন জানিয়েছেন, সাম্প্রতিক নির্বাচনে জনমানসে যে পরিবর্তনের রায় এসেছে, তাকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। দল ও প্রশাসনের কর্পোরেট স্টাইল এবং সংকটের দিনে কর্মীদের পাশে বড় নেতাদের না পাওয়ারও আঙুল তোলেন তিনি। এই মুহূর্তে কাজ করতে না পারার খামতি থেকেই পদত্যাগ করছেন বলে জানিয়েছেন ডাক্তার দেবাশিস সরকার।

    এই পুরনিগমের ৯৮টি ওয়ার্ডই তৃণমূলের। ছ’টি আসনে বিজেপি ও সিপিএম একটি ওয়ার্ডে রয়েছে। রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা থেকে তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। প্রশাসক নিযুক্ত হচ্ছে সেসব পুরসভায়। সম্প্রতি চন্দননগর পুরনিগমও একইভাবে হাতছাড়া হয়েছে তৃণমূলের। এবার আসানসোল পুরনিগমেও তৃণমূল কাউন্সলররা পদত্যাগ শুরু করলেন। কেবল পাঁচজন নন, আগামী দিনে আরও তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে পারেন। তেমনটাই অন্দরের খবর। তাহলে কি এবার আসানসোল পুরনিগম হাতছাড়া হবে তৃণমূলের? সেই চর্চা শুরু হয়েছে।

     
  • Link to this news (প্রতিদিন)