রামমন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তারা গভীর ভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। একই সঙ্গে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ প্রশাসনিক সমস্ত ত্রুটি খুব দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ করবে বলেই তারা আশা প্রকাশ করছে। RSS-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এটাও দাবি করেছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগিয়ে কিছু ‘হিন্দু-বিরোধী ও দেশবিরোধী শক্তি’ হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
হোসাবলে এক বিবৃতিতে বলেন, ‘রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদান সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর তদন্ত নিরপেক্ষ ও দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন।’ তিনি দাবি করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।
সঙ্ঘ জানিয়েছে, রামমন্দির কোটি কোটি মানুষের বিশ্বাস ও ভাবাবেগের প্রতীক। তাই এই ঘটনার জেরে যে প্রশাসনিক ঘাটতি সামনে এসেছে, তা দ্রুত দূর করার দায়িত্ব ট্রাস্টের। পাশাপাশি, এই বিতর্ককে কেন্দ্র করে কোনও ধরনের বিভ্রান্তি বা বিদ্বেষমূলক প্রচার যাতে না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অনুদান চুরি নিয়ে বিতর্ক ও তদন্তের মাঝেই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ৬ জুলাই। সূত্রের খবর, ট্রাস্টের প্রশাসনিক কাঠামো, অভিযোগের তদন্ত এবং পদত্যাগপত্র সংক্রান্ত বিষয়ও ওই বৈঠকে আলোচনায় করা হতে পারে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র ইতিমধ্যেই তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।