• স্কুলের মধ্যেই ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিল একাদশের ছাত্র, জানাজানি হতেই দুই পড়ুয়াকে সাসপেন্ড
    এই সময় | ০৩ জুলাই ২০২৬
  • দু’জনেই স্কুলের ইউনিফর্ম পরিহিত। একজন একাদশ শ্রেণি, আরেকজন সপ্তম শ্রেণিতে পড়ে। ছাত্রীকে মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে একাদশ শ্রেণির পড়ুয়া। এরকমই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটি স্কুলে। দুই পড়ুয়াকে সাসপেন্ড করেছেন স্কুল কর্তৃপক্ষ।

    জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার ওই স্কুলে দু’হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ফলাফলের জন্য এলাকায় সুনাম রয়েছে বিদ্যালয়টির। সেই স্কুলেরই একটি ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, একাদশ শ্রেণির এক ছাত্র স্কুলের মধ্যেই সপ্তম শ্রেণির এক ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ঘটনাটি ঘিরে মুহূর্তের মধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়।

    বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ঘটনার তদন্ত শুরু করা হয়। স্কুলের টিআইসি ব্রজেন্দ্রনাথ রায় বলেন, ‘ঘটনাটি আমাদের নজরের বাইরে ঘটেছে। ভিডিয়োটি সামনে আসার পরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলা হয়েছে।’

    স্কুলের প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বাসিন্দা বাপ্পা সূত্রধর বলেন, ‘এ ধরনের ঘটনা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক। স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের আরও কড়া নজরদারি প্রয়োজন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।’ জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, ‘বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম, খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)