• মাত্র তিন দিনেই জামিন অপরূপা পোদ্দারের স্বামীর!
    আজকাল | ০৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই রামনবমী অশান্তির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের মাত্র তিন দিনের মধ্যেই জামিন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি৷ শুক্রবার তাঁর জামিন হয়। সাকির আলি-কে শর্তসাপেক্ষে জামিন দিল এনআইএ আদালত৷ 

    রামনবমীর মিছিলে উস্কানি দিয়ে অশান্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল এনআইএ। সাকির আলি বর্তমানে রিষড়ার তৃণমূল কাউন্সিলরও। জানা গিয়েছে, রিষড়ার বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, হুগলিতে রামনবমীর সময় যে অশান্তি হয়েছিল, সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হল। 

    এবারই প্রথম নয়, এর আগে বারবার বিতর্কে জড়িয়েছেন সাকির আলি। একাধিকবার তৃণমূল সাংসদ অপরূপার স্বামীর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ ওঠে। নাম জড়ায় খুনেও। একটি ভাইরাল ভিডিওতেও দেখা গিয়েছিল, পুরসভার কাউন্সিলর হয়ে শূন্যে গুলি চালিয়েছেন তিনি। যদিও সব অভিযোগই অস্বীকার করেছিলেন তিনি। 

    ২০২৩ সালের রামনবমীর অশান্তির মামলায় হুগলি থেকে আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে সাকির আলির নাম উঠে আসে। এরপর বিভিন্ন সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে এনআইএ অফিসাররা নিশ্চিত হন, রামনবমীর ওই মিছিলে অশান্তির পিছনে সাকির আলির যথেষ্ট ভূমিকা রয়েছে। এরপরই এদিন সকালে অপরূপার বাড়িতে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ ও তারপর গ্রেপ্তার করা হয় সাকিরকে।

    জানা গিয়েছে, সকালে চার ভ্যান সিআরপিএফ নিয়ে এনআইএ আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে হানা দেয়। তারপরেই গ্রেপ্তার হন সাকির।
  • Link to this news (আজকাল)