আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরা।
প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই অভিজ্ঞতা থেকেই আগাম প্রস্তুতি নিতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ কীভাবে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েই প্রায় তিন ঘণ্টার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "জেলাস্তরের সমস্ত আধিকারিকদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের (এক্স-সার্ভিসম্যান) নিয়োগ করা হবে। তাঁদের অভিজ্ঞতাকে দুর্যোগ মোকাবিলার কাজে ব্যবহার করা হবে।"
তিনি আরও বলেন, "উত্তরকন্যা যে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সচিবালয়, তা আগের সরকার কার্যত ভুলে গিয়েছিল। সেখানে নিয়মিত মন্ত্রী বা আধিকারিকদের উপস্থিতি থাকত না। উত্তরবঙ্গের মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আরও একটি শাখা মালদায় তৈরি করা হবে। এর ফলে মালদা এবং দুই দিনাজপুরের মানুষ আরও সহজে সরকারি পরিষেবা পাবেন।"
আসন্ন বর্ষাকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, ত্রাণ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বয় বাড়ানোর ওপরই এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।