ছোট্ট কাচের বাক্সে ৩০ ঘণ্টা! বিশ্বরেকর্ডের লক্ষ্যে..
আজকাল | ০৪ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: এক চিলতে কাচের অ্যাকোরিয়াম। পরিমাপ মাত্র ২ বাই ৩ ফুট। আর তার ভেতরেই জলবন্দি হয়ে রয়েছেন এক যুবক। মুখের ভেতর গোঁজা কেবল একটি বাঁশের নল। ওইটুকুই যা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের এবং অক্সিজেন পাওয়ার মাধ্যম। এই অবস্থাতেই টানা ৩০ ঘণ্টা জলের তলায় কাটিয়ে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন হাওড়ার মুকেশ গুপ্তা।
রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন গঙ্গা নদীর পাড়ে মুকেশের এই রুদ্ধশ্বাস অভিযানকে কেন্দ্র করে এখন টানটান উত্তেজনা। এই নজিরবিহীন দৃশ্য চাক্ষুষ করতে গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ।
তবে লড়াইটা মুকেশ একলা লড়ছেন না। ছেলের এই কঠিন অগ্নিপরীক্ষায় সর্বক্ষণ পাশে রয়েছেন তাঁর বাবা-মা। অ্যাকোরিয়ামের বাইরে ঠায় দাঁড়িয়ে ছেলের মনোবল বাড়িয়ে চলেছেন তাঁরা। শুধু পরিবারই নয়, রয়েছে মুকেশের একদল উদ্যমী বন্ধুও। জলের তলায় তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, কোনও রকম অস্বস্তি হচ্ছে কি না- প্রতি মুহূর্তে তার ওপর কড়া নজর রাখছেন তাঁরা।
মুকেশের কাছে অবশ্য এমন বিপজ্জনক ও রোমাঞ্চকর অভিযান নতুন নয়। এর আগেও গঙ্গা নদীতে হাত বেঁধে সাঁতার কাটা কিংবা জলের তলায় একটানা ডুব দিয়ে থাকার মতো একাধিক নজরকাড়া রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।
অতীতের সেই অভিজ্ঞতা আর অদম্য মানসিক শক্তিকে সম্বল করেই এবার অ্যাকোরিয়ামের বদ্ধ জলে দীর্ঘ সময় কাটানোর এই কঠিনতম চ্যালেঞ্জ বেছে নিয়েছেন মুকেশ। সময়ের কাঁটা যত এগোচ্ছে, ততই চড়ছে পারদ। সমস্ত বাধা পেরিয়ে মুকেশ এই ৩০ ঘণ্টার লড়াই জিতে নতুন ইতিহাস লিখতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা হাওড়াবাসী।