• এবার পুলিশ কর্তাদের জন্য বিশেষ উপহার শুভেন্দুর
    আজকাল | ০৪ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: রাজ্যের আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকদের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে জন্মদিনে শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া পৌঁছে দেওয়ার জন্য রাজ্য পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

    ৩ জুলাই জারি হওয়া ওই নির্দেশে বলা হয়েছে, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদমর্যাদা পর্যন্ত সমস্ত আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকদের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে একটি ফুলের তোড়া।

    এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার (এসপি) এবং কলকাতা পুলিশ বাদে অন্যান্য পুলিশ কমিশনারদের (সিপি)। সংশ্লিষ্ট আধিকারিকদের জন্মদিনের সকালে অথবা অফিসের শুরুতেই শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

    এছাড়া, ৪ জুলাই থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলিকে ভবানী ভবনে ডিএসপি (হেডকোয়ার্টার্স)-এর দপ্তর থেকে শুভেচ্ছা কার্ড সংগ্রহ এবং আধিকারিকদের জন্মতারিখ-সহ তালিকা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা শহরে (কলকাতা পুলিশ এলাকা বাদে) কর্মরত আধিকারিকদের কাছে শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া পৌঁছে দেওয়ার সমন্বয়ের দায়িত্বে থাকবেন ডিএসপি (হেডকোয়ার্টার্স) এবং ডিএসপি (সাব-সিআর)। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই নির্দেশ জারি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)