• হম্বিতম্বি করা হুমায়ুনকেই এবার হুমকি! ‘উপরওয়ালার যখন খেয়াল হবে..’, প্রতিক্রিয়া বিধায়কের
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের জীবনে সমস্যা কমছে না। রেজিনগর ও শক্তিপুর থানায় পুলিশের দু’টি সুয়োমোটো মামলার পরে এবার নওদার বিধায়ক হুমায়ুন কবীরের ব্যক্তিগত ই-মেলে এল প্রাণনাশের হুমকি! শিব শংকর বারিক নামে এক ব্যক্তির ইমেল থেকে বৃহস্পতিবার রাতে হুমায়ুন কবীরকে দু’টি হুমকি ইমেল পাঠিয়ে প্রাণনাশের ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।  হুমায়ুন সমর্থকদের তরফে ইতিমধ্যে ওই ইমেলের বয়ান প্রকাশ্যে আনা হয়েছে।  বৃহস্পতিবার রাত ১০.০৩ মিনিট এবং ১০.২৯ হুমায়ুনকে ইমেল দু’টি পাঠানো হয়েছে বলে সূত্রের খাবর।

    জানা গিয়েছে, হুমায়ুন কবীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি, আগামী ২৫ তারিখ বিধায়ককে খুন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধায়কের উদ্যোগে তৈরি নির্মীয়মাণ ধর্মীয় পরিকাঠামোয় বোমা বিস্ফোরণ ঘটানোর কথাও উল্লেখ রয়েছে মেলে।

    আরও পড়ুন : ৭০২.৯৩ কোটি টাকার সম্পত্তি…নিয়োগ দুর্নীতি মামলায় ‘অ্যাটাচ’ করেছে ইডি! আদালতে তথ্য পেশ

    দ্বিতীয় মেলে আবার ২০ তারিখের মধ্যে তাঁকে খুন করার হুমকি দিয়েছেন শিব শংকর। তবে ই-মেলে ওই ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। হুমায়ুন কবীরের সঙ্গে লড়াই করার জন্য তিনি “একাই ময়দানে নামবেন” বলেও দাবি করেছেন।

    গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার জন্য হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”আমাকে প্রায়শই ফোনে হুমকি দেওয়া হচ্ছে। তবে ইমেলে এই ধরনের হুমকি আগে পাইনি। এর আগে লখনউ থেকে রাজু দাস নামে এক ব্যক্তি ফোন করে আমাকে হুমকি দিয়ে বলেছিল আমার মাথা কেটে নেবে।” হুমায়ুন বলেন, “তবে হুমকি ইমেলে আমি ভয় পাচ্ছি না। উপরওয়ালার যখন খেয়াল হবে, যখন মনে হবে আমাকে ঠিক ডেকে নেবে।”

    হুমায়ুন কবীর জানান,”এই মুহূর্তে আমার সঙ্গে কেবলমাত্র রাজ্য সরকারের দেওয়া দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন। বেশ কিছুদিন আগেই কেন্দ্র সরকার সিআরপিএফ-এর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে।” তিনি বলেন,”এখন আমি কিছু কাজে ব্যস্ত রয়েছি। আজ সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারের কাছে গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে ই-মেল করে দেব। তার সঙ্গে আমাকে যে হুমকি ই-মেলটি পাঠানো হয়েছে সেটিও যুক্ত করে দেব।”
  • Link to this news (News18 বাংলা)