স্কুলে থাকা-খাওয়া থেকে পড়াশোনা...বিনা খরচে! জমি জট কাটিয়ে অবশেষে গড়ে উঠছে মালদহে
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে মালদহে বাস্তবায়নের পথে কেন্দ্রীয় সরকারের জওহর নবোদয় বিদ্যালয় প্রকল্প। পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর-লালদিঘি এলাকায় প্রায় ১১ একর জমিতে গড়ে উঠবে ইংরেজি মাধ্যমের আবাসিক এই বিদ্যালয়। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে বিদ্যালয়ের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল নির্ধারিত জমি পরিদর্শন করে। শুক্রবার ওই জমি ঘুরে দেখেন মালদহ বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা।
এই বিদ্যালয় চালু হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ আবাসিক ব্যবস্থায় পড়াশোনার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। শুধু পড়াশোনাই নয়, থাকা-খাওয়া, বই-খাতা, ক্রীড়া ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। বিশেষ করে আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া পরিবারের মেধাবী পড়ুয়াদের জন্য এটি বড় সুযোগ তৈরি করবে। পাশাপাশি জেলার বাইরের এবং দেশের অন্যান্য প্রান্তের যোগ্য ছাত্রছাত্রীরাও নিয়ম অনুযায়ী এখানে ভর্তির সুযোগ পাবে।
জমি পরিদর্শনের পর বিধায়ক গোপালচন্দ্র সাহা জানান, গত চার বছর ধরে এই বিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের দাবি জানিয়ে আসা হচ্ছিল। অবশেষে সেই জট কাটিয়ে প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত হয়েছে। তাঁর দাবি, এখানে জাতীয় মানের আধুনিক বিদ্যালয় তৈরি হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য ইনডোর স্টেডিয়াম-সহ আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিদ্যালয় চালু করার লক্ষ্য রয়েছে।
পিছিয়ে পড়া আদিবাসী ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছেলে-মেয়েদের জন্য এই বিদ্যালয় আগামী দিনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।