৪-৬ হাজারের বালি এবার মাত্র ১৫০০ টাকায়! বীরভূমের এই ২ ব্লকে শুরু মেগা পাইলট প্রজেক্ট,কীভাবে মিলবে
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
: ‘পাথরে হাত দেওয়ার পর এবার বালিতে হাত দেওয়া হবে। গরিব মানুষদের কম টাকায় বালি দেওয়া হবে এবং সমস্ত অবৈধ ঘাট বন্ধ করে সম্পূর্ণ বৈধ উপায়ে বালি বিক্রি হবে।’ গত জুন মাসের শুরুতে ঠিক এই ভাষাতেই বীরভূমবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রাজ্য সরকার বালি নিয়ে সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে এবং জুলাই মাস থেকেই তা কার্যকর করা হবে।
রাজ্যের মন্ত্রীর সেই প্রতিশ্রুতি মেনেই আজ, শুক্রবার থেকে বালি নিয়ে এক যুগান্তকারী ও নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল বীরভূম জেলা প্রশাসন। সাধারণ ও গরিব মানুষকে স্বস্তি দিয়ে বীরভূমের দুটি ব্লকে পাইলট প্রজেক্ট হিসেবে মাত্র ১৫০০ টাকায় ট্রাক্টর পিছু বালি দেওয়ার বন্দোবস্ত করা হল। কম টাকায় গরিবদের বালি দেওয়ার এই মডেল বীরভূমে প্রথম শুরু হলেও, তা আগামী দিনে সমগ্র দেশের কাছে একটা বড় নজির গড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত জেলার সিউড়ি ১ নম্বর এবং রাজনগর ব্লকের বাসিন্দারা এই বিশেষ সুবিধা পাবেন। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) শুভম আগারওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই এই দুটি ব্লকে নির্দিষ্ট নিয়মে বালি পাঠানো শুরু হয়ে গেছে। গোটা প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য বালি দেওয়ার মূল দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্লকের বিডিও, বিএলএলআরও এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের। মূলত রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকা বিডিও অফিস থেকে সংগ্রহ করে, সেই তালিকার ভিত্তিতেই অত্যন্ত নিখুঁতভাবে এই বালি বণ্টনের কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বীরভূম জেলা জুড়ে বালির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এলাকা ভেদে ট্রাক্টর পিছু বালির দাম ৪ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হাঁকছিলেন ব্যবসায়ীরা। ফলে চরম বিপাকে পড়েছিলেন সাধারণ ও নিম্নবিত্ত মানুষ। এই সংকটজনক পরিস্থিতি থেকে গরিব মানুষকে রেহাই দিতে এবং বালির কালোবাজারি রুখতে দাম কমানোর আশ্বাস দিয়েছিলেন নতুন সরকারের জেলার বিজেপি বিধায়করা। আর সেই প্রতিশ্রুতি মতোই আজ থেকে পুরোদমে কাজ শুরু হয়ে গেল। সিউড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্বয়ং জানিয়েছেন, গরিব মানুষের সুবিধার্থে ট্রাক্টর পিছু মাত্র ১৫০০ টাকা করে বালি দেওয়ার কাজ পাইলট প্রজেক্ট হিসেবে আজ থেকেই দুটি ব্লকে সফলভাবে শুরু করে দেওয়া হল।