টাকা-ফোন নয়, কেন ব্যাগে শুধু ঠাকুমার পুরনো চাদর? ৩ মাস ধরে নিখোঁজ সিউড়ির অমৃতার বাবাও অবাক
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
: বাড়ির একমাত্র মেয়ে নিখোঁজ হয়েছে আজ প্রায় তিন মাসেরও বেশি সময় অতিক্রম করেছে। মেয়ের খোঁজে দিন রাত এক করে দিয়েছে বাবা। তবে কোথাও কোনও ধরনের খবর নেই। চলতি বছর মার্চ মাসের ১৩ তারিখ হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেয়ে। বাড়ির সদর দরজার গেট বাইরে থেকে লাগিয়ে বেরিয়ে পরে বছর ২৪ এর অমৃতা সিংহ। অমৃতার বাড়ি বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গলপাড়া এলাকায়। হাতে একটা টাকাপয়সা, মোবাইল ফোন কিচ্ছু না। শুধু মাত্র বাবার বাজারের ব্যাগে মাত্র একটি সাদা চাদর নিয়ে ঘর ছেড়েছিলেন অমৃতা।
আর এই একটা কথা মনে পড়লেই কার্যত আঁতকে উঠছেন অমৃতার বৃদ্ধ বাবা অর্ধেন্দু সিনহা। গত তিন মাস ধরে কত ধরনের পথ অবলম্বন করেছেন বাড়ির একমাত্র মেয়েকে খুঁজে বের করার জন্য। বীরভূম জেলার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন অসহায় বাবা। সকলের কাছে বাবার একটাই আবেদন তাঁর একমাত্র মেয়েকে খুঁজে পেলে তাকে যেন একবার জানানো হয়। এর পরে বাবার ফোনে ফোন এসেছে অনেক তবে সবটাই প্রতারণার ফাঁদ।
অর্ধেন্দু সিংহ আমাদের জানান, ১৩ মার্চ বাড়ি থেকে বেরোনোর সময়ে অমৃতার হাতে শুধু একটি বাজারের থলে ছিল। সেটা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল। তবে সেই থলেতে কী ছিল, সেটা নিয়ে প্রথমে ধন্দে ছিলেন মা-বাবা। পরে তাঁরা বুঝতে পারেন, মেয়ে টাকাপয়সা, মোবাইল ফোন, ব্যাঙ্কের পাসবই, এটিএম কার্ড বা অন্য কোনও নথি অথবা জামাকাপড় কোনও কিছু নিয়েই বেরোয়নি। ওই ব্যাগে শুধু ঠাকুমার একটা পুরনো চাদর ছিল। অর্ধেন্দু বাবু জানান, ‘চাদরটা আমার মায়ের ছিল।’
অর্ধেন্দু বাবু আরও জানান, “বাড়িতে এত কিছু থাকতে শুধুমাত্র পুরনো একটা চাদর নিয়ে কেনও আমার মেয়ে বেরিয়ে গেল, চাইলে তো মেয়ে নতুন চাদর জামা কাপড় বা টাকা পয়সা নিয়ে বের হত। মেয়ে তো একটা টাকা নিয়েও বাড়ি থেকে যায়নি, আজ প্রায় তিন মাসেরও বেশি সময় অতিক্রম করেছে। আমার মেয়ে কোথায় আছে, কেমন ভাবে চলছে আমার মেয়ের জীবন, আমি কিছুই ভেবে পাচ্ছি না।”