• শর্তসাপেক্ষে জামিন সাকির আলির
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুলাই ২০২৬
  • রামনবমীর অশান্তি মামলায় গ্রেপ্তার হওয়া হুগলির রিষড়ার তৃণমূল কাউন্সিলর সাকির আলি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। গত ৩০ জুন এনআইএ-র হাতে গ্রেপ্তার হন তিনি। এরপর শুক্রবার কলকাতার এনআইএ আদালত তাঁকে ১০ হাজার টাকার বন্ডে জামিন দেয়। আদালত নির্দেশ দিয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে। তার পাশাপাশি রাজ্যের বাইরে যেতে হলে অনুমতি নিতে হবে আদালতের।

    ২০২৩ সালের ২ এপ্রিল রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় একাধিক মানুষ আহত হন। তিন বছর পর গত মঙ্গলবার ওই মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, তিনি এই ঘটনার অন্যতম মূলচক্রী এবং তাঁর উস্কানিতেই অশান্তি ছড়িয়েছিল। এছাড়াও তাঁর বাড়ি থেকে ৩৬ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে এনআইএ। সংস্থার অভিযোগ, আগের রাজ্য সরকারের সময় পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় তদন্তে দেরি হয়েছে।

    শুক্রবার সেই মামলার শুনানি হয় আদালতে। অভিযুক্তের আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারক ‘ইন ক্যামেরা’ শুনানির অনুমতি দেন। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে সাকির আলির জামিন মঞ্জুর করে।

    অন্যদিকে, একই দিনে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় শ্রীরামপুর থানায় হাজিরা দেন সাকিরের স্ত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীর গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। শুক্রবার দুপুর ১১টা ৫০ মিনিটে তিনি আইনজীবীর পোশাকে থানায় প্রবেশ করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

    বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ থানা থেকে বেরোনোর সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন অপরূপা। সিআরপিএফ জওয়ানদের সহায়তায় তাঁকে একটি টোটোয় তোলা হয়। প্রথমে জানানো হয়েছিল তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরে দেখা যায়, টোটোটি হাসপাতালের মূল ফটকে না ঢুকে রিষড়ার দিকে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয়। এরপর তিনি বাড়িতে ঢুকেছেন বলেই সূত্র মারফত খবর।

    সাকির আলির জামিন এবং অপরূপা পোদ্দারের বিরুদ্ধে চলা পৃথক মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূলের দাবি, গোটা ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, এনআইএ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)