কোর কমিটিতে তারুণ্যকে জোর দিতে চলেছে বিজেপি।
দলীয় সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কোর কমিটির সদস্য বাছাইয়ের কাজ শেষ। যে কোনও দিন হবে নাম ঘোষণা।
সূত্রের খবর, কোর কমিটির সদস্যদের গড় বয়স হতে পারে ৫৫ বছরের আশেপাশে। অর্থাৎ তারুণ্যের উপরে জোর দেওয়া হচ্ছে। বিজেপির আগের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কোর টিমের অন্যতম দুই গুরুত্বপূর্ণ সদস্য সুনীল বনসল এবং বিনোদ তাওড়ে নতুন সভাপতি নবীনের কোর কমিটিতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেই থাকতে পারেন। সূত্রের খবর, বিগত দেড়–দু’বছরে বনসল এবং তাওড়ের পারফরম্যান্সে দলের শীর্ষস্তর অত্যন্ত খুশি।
বিজেপি সূত্রের আরও দাবি, নবীনের নতুন কমিটিতে রাজ্য এবং অঞ্চলের বিজেপি নেতাদের অংশগ্রহণ গুরুত্ব পাবে। জানা গিয়েছে, এক একটি গুরুত্বপূর্ণ প্রদেশ থেকে প্রভাবশালী নেতা বেছে আগামীর লক্ষ্যে টিম তৈরি করছেন নবীন।এই টিম গড়ার আগে দেশের সব রাজ্যের প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভালো কাজ করার জন্য প্রোমোশন হতে পারে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যের।
দলের সংসদীয় বোর্ডও ঢেলে সাজতে চলেছেন নবীন। ২০২৯ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংসদীয় বোর্ডের সদস্য বাছাইয়ের ক্ষেত্রেও বেশ কিছু চমক দিতে পারেন নীতিন।
বৃহস্পতিবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নীতিনের প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক হয়েছে । দলীয় সূত্রের দাবি, এই বৈঠকেই দলের নতুন কমিটি এবং সংসদীয় বোর্ড ঢেলে সাজার সিদ্ধান্ত হয়েছে। সংসদীয় বোর্ডের গুরুত্ব মাথায় রেখেই সেখানে তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর সম্ভাবনাই বেশি বলে দাবি বিজেপি সূত্রে।
দেখার বিষয় বিজেপির সংসদীয় বোর্ডে এ বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জায়গা পান কি না।