অনলাইনে জমির রেকর্ড, প্লটের তথ্য বা খতিয়ান, রেকর্ড-অফ রাইট পাওয়ার জন্য আর ফি দিতে হবে না সাধারণ বাসিন্দাদের। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানাল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের ক্ষমতাবলে বেঙ্গল রেকর্ডস ম্যানুয়ালের ২টি নিয়মে সংশোধন আনা হয়েছে।
জমির খতিয়ান বা ব্যক্তিগত স্বত্বাধিকারের রেকর্ড (Record-of-Rights) অনলাইনে আবেদন করে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। খতিয়ানে পৃষ্ঠার সংখ্যা যতগুলিই থাকুক না কেন, কোনও আবেদন ফি (Application fee) বা যাচাই করার ফি (Authentication fee) লাগবে না। ডিজিটালি স্বাক্ষরিত (Digitally signed) খতিয়ান পাওয়া যাবে। যদিও সার্টিফায়েড হার্ড কপি পাওয়ার ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ থাকবে।
এখন থেকে যে কোনও ব্যক্তি ডিজিটাইজ়ড ল্যান্ড রেকর্ড তথ্যভাণ্ডার থেকে জমি-প্লটের তথ্যের সফট কপি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ডিজিটাল কপির কোনও কোনও ফি দিতে হবে না এখন থেকে। যদিও সার্টিফায়েড হার্ড কপির জন্য আগের মতো ফি লাগবে।
আরও সহজে সরকারি পরিষেবা পাওয়া, নাগরিকদের উপর খরচের চাপ কমানো এবং সহজে জমি সংক্রান্ত তথ্য অনলাইনে দিতে এই পদক্ষেপ করা হয়েছে।