• ভেনেজ়ুয়েলায় মৃত নাবিকের অঙ্গ গায়েবের অভিযোগের তদন্ত চাইল ভারত
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • ভেনেজ়ুয়েলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ওই নাবিকের শরীর থেকে গুরুত্বপূর্ণ সব অঙ্গ বের করে নেওয়া হয়েছে হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি ভেনেজ়ুয়েলার কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে ভারত। এই অভিযোগ ওঠার পরে উপযুক্ত তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

    মৃত নাবিকের নাম রাকেশ চৌহান (৩৩)। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে একটি মার্চেন্ট নেভি জাহাজের ক্রু সদস্য হিসেবে ভেনেজ়ুয়েলায় গিয়েছিলেন রাকেশ। গত ৭ মে ভেনেজ়ুয়েলার ফালকন ( Falcón)-এ মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেট অনুসারে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ওই পরিবারের দাবি, জাহাজে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পরে মৃত্যু হয় রাকেশের বলে তাঁদের জানিয়েছিলেন কর্তৃপক্ষ।

    গত ৪ জুন তাঁর দেহ দেশে ফিরে আসে। তবে, ওই মৃতদেহ দেখে সন্দেহ হয় পরিবারের। তাঁরা পুনরায় ময়নাতদন্তের দাবি জানান। জেলা প্রশাসনের নির্দেশে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। এর পরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পরিবার এবং ফেডারেশন অফ সিফেয়ারার্স ইউনিয়ন্স অফ ইন্ডিয়া (FSUI)-এর দাবি, দ্বিতীয় ময়নাতদন্তে দেখা যায় দেহে মস্তিষ্ক, হৃদ্‌যন্ত্র, উভয় ফুসফুস-সহ একাধিক অভ্যন্তরীণ অঙ্গ অনুপস্থিত ছিল। অভিযোগ অনুযায়ী, লিভার, কিডনি, প্লীহা, অগ্ন্যাশয়, পাকস্থলী, অন্ত্র এবং আরও কিছু অঙ্গও পাওয়া যায়নি। দেহে আগের অস্ত্রোপচার বা কাটাছেঁড়ার মতো দীর্ঘ সেলাইয়ের চিহ্নও ছিল বলে দাবি করা হয়েছে। তাঁকে খুন করা হয়ে থাকতে বলেও দাবি করা হয় পরিবারের তরফে।

    এই অভিযোগ ওঠার পরে ভেনেজ়ুয়েলার কর্তৃপক্ষের কাছে মৃত্যুর বিষয়ে বিস্তারিত বিবরণ চাওয়া উচিত বলে দাবি করেন সিপিএম নেতা জন ব্রিটাস (John Brittas)। এই দাবি জানিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)-কে চিঠিও দেন তিনি।

    এর পরেই এই বিষয়টি ভেনেজ়ুয়েলার কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য ভেনেজ়ুয়েলার কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এই কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

    এর আগে, কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাসও এই ঘটনায় ভেনেজ়ুয়েলার কর্তৃপক্ষের কাছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত। দাবি করেছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই তারা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।

  • Link to this news (এই সময়)