• তারাতলার উদ্ধারকারীদের সম্মান জানাবেন শুভেন্দু...
    আজকাল | ০৪ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: তারাতলা বিপর্যয়ে প্রাণ হারানোদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার প্রাণের ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধারকাজ চালানো বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

    নবান্ন সূত্রে খবর, শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, সেনাবাহিনী-সহ উদ্ধারকাজে যুক্ত সব সংস্থার সদস্যদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে।

    দুর্ঘটনার দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রশাসনের বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সমন্বিত উদ্যোগের ফলেই বহু মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। দিন-রাত এক করে চলা উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। সেই সাহস, নিষ্ঠা এবং মানবিকতার স্বীকৃতি দিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

    সরকারের আশা, এই সম্মাননা ভবিষ্যতেও বিপর্যয়ের সময় উদ্ধারকারী বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করবে এবং তাঁদের আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতি রাজ্যের কৃতজ্ঞতার প্রতীক হয়ে থাকবে।
  • Link to this news (আজকাল)