এই সময়: যাত্রী চাপ সামলাতে এবং লোকাল ও দূরপাল্লার ট্রেনের সময়ানুবর্তিতা বাড়াতে এ বার হাওড়া স্টেশনে আরও দু’টি প্ল্যাটফর্ম তৈরিতে উদ্যোগী হলো পূর্ব রেল। শুক্রবার হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিশাল কাপুর সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। সেই সঙ্গে তিনি এ–ও বলেন, ‘বর্তমানে হাওড়া ডিভিশনে ৮৭ শতাংশেরও বেশি ট্রেন নির্ধারিত সময়সূচি মেনেই চলছে।’
ট্রেন লেটের নেপথ্যে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি, ক্রসিংয়ে নির্দিষ্ট ট্রেনকে অগ্রাধিকার দেওয়া, প্ল্যাটফর্ম দ্রুত খালি না হওয়া এবং অন্যান্য অপারেশনাল বিষয়ে যে নিয়মিত পর্যবেক্ষণ চলছে, সে বিষয়টিও জানান ডিআরএম। তিনি জানিয়েছেন, যাত্রীদের বিপুল পরিমাণ চাপ সামাল দিতে পরিকাঠামোকে আরও শক্তিশালী করার কাজ চলছে। সেই লক্ষ্যেই হাওড়া স্টেশনে দু’টি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।
বর্তমানে হাওড়া স্টেশনের পুরোনো কমপ্লেক্সে দু’টি এবং নতুন কমপ্লেক্সে চারটি প্ল্যাটফর্মে ২২ থেকে ২৪ কোচের দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারে। নতুন দু’টি প্ল্যাটফর্ম চালু হলে ট্রেন পরিচালনার কাজ আরও সহজ হবে। যাত্রীদের ওঠানামা, ট্রেনের আগমন ও প্রস্থানের ক্ষেত্রে চাপ অনেকটাই কমবে বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ।
বর্ষাকালে টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে জল জমে যাওয়ার সমস্যা সমাধানেও পূর্ব রেল আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে বলে জানান ডিআরএম। তিনি বলেন, ‘ইয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেন্সর-যুক্ত স্বয়ংক্রিয় পাম্প বসানো হয়েছে। বৃষ্টির জল নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেলে পাম্প নিজে থেকেই চালু হয়ে দ্রুত জল নিষ্কাশনের কাজ শুরু করে। এর ফলে অল্প সময়েই জল বেরিয়ে যাচ্ছে। এই ব্যবস্থাতেও ট্রেন চলাচল উন্নত হয়েছে।’