সকাল থেকেই মেঘের ঘনঘটা আকাশে। রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ, শনিবারও পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির। ইতিমধ্যেই মরশুমের প্রথম নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের পরে নিম্নচাপ বাংলা-ওডিশা উপকূলের দিকে আরও এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। যার যেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা এবং লাল সতর্কতা জারি হয়েছে।
রাতভর বৃষ্টির পরে শনিবার সকাল থেকেই ঘন কালো মেঘ শহরের আকাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যে কোনও মুহূর্তেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু হতে পারে কলকাতায়। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সন্ধ্যার পরে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। রবিবার এবং আগামী সপ্তাহেও জারি থাকবে বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার জেলার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হতে পারে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। এ ছাড়াও, নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এই পরিস্থিতিতে ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নতুন সপ্তাহ থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।