শ্যামাপ্রসাদ-মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে শহরে শাহ
আজকাল | ০৪ জুলাই ২০২৬
বিউ সরকার
আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি। সেই উপলক্ষে নিউটাউনের ইকো পার্কেই বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের সুবিশাল মূর্তি। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুট মূর্তি স্থাপন করা হবে এবং তাঁর পৈত্রিক বাড়ি সংস্কারও করা হবে। সেজন্য ২০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে শহরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতেও যেতে পারেন শাহ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর পৌনে ২টো নাগাদ দিল্লি থেকে রওনা দেবেন শাহ। ১টা ৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছতে পারেন তিনি। সেখান থেকে সোজা চলে যাবেন ভবানীপুরের ৭৭, আশুতোষ মুখার্জি লেনে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয়। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করবেন। সেখান থেকে ৪টে ৫০ নাগাদ নিউটাউনের ইকো পার্কে এসে পৌঁছবেন। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন শাহ।
শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ‘শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি পক্ষ’ পালনের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। একই নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও। ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচির আয়োজন করা হবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। প্রতিষ্ঠানগুলিতে আয়োজিত এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি পক্ষ’।