• রথের আগে বড় উপহার রেলের, সিট নিয়ে 'নো টেনশন'! কোন কোন ট্রেনে মিলবে সুবিধা, জানুন
    News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
  • দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বর্তমানে জোরকদমে উন্নয়নমূলক কাজ চলছে। পরিকাঠামো আরও উন্নত করার লক্ষ্যে এই কাজের জন্য আগামী ৫ জুলাই যাত্রীদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ওই নির্দিষ্ট দিনের জন্য ট্রেন পরিষেবায় বেশ কিছু নিয়ন্ত্রণ জারি করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। রেলের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই চাকুলিয়া-টাটানগর মেমু (৬৮১২৭) ট্রেনটির পরিষেবা ওই দিনের জন্য সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে ওই রুটের নিত্যযাত্রীদের আগাম বিকল্প ব্যবস্থার কথা মাথায় রাখতে হবে।

    ট্রেন বাতিলের পাশাপাশি ওই একই দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে খবর, ৫ জুলাই হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস (১২৮৬০) হাওড়া থেকে ছাড়তে নির্ধারিত সময়ের চেয়ে ৭০ মিনিট দেরি করবে। অন্যদিকে, জুনাগড় রোড থেকে হাওড়াগামী ইস্পাত এক্সপ্রেস (১২৮৭২) প্রায় ৯০ মিনিট দেরিতে ছাড়বে। এছাড়াও, টাটানগর-খড়গপুর মেমু ট্রেনটি (৬৮০১৪) টাটানগর স্টেশন থেকে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা দেরিতে রওনা দেবে। এর পাশাপাশি, হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেসের (১৮০৩৩/১৮০৩৪) যাত্রাপথ ওই দিনের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে খড়গপুরেই তার যাত্রা শেষ করবে এবং সেখান থেকেই পুনরায় হাওড়ার উদ্দেশে রওনা দেবে। অর্থাৎ, ৫ জুলাই খড়গপুর ও ঘাটশিলার মধ্যে ট্রেনটির পরিষেবা পুরোপুরি বন্ধ থাকছে।

    উন্নয়নমূলক কাজের জেরে এই সাময়িক ভোগান্তির খবরের মাঝেই দূরপাল্লার যাত্রীদের জন্য একটি স্বস্তির খবরও দিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন। ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাত্রাপথ আরও সুগম করতে বেশ কয়েকটি ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত কোচ জোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট রুটের ট্রেনে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের কথা মাথায় রেখেই ট্রেনের বর্তমান কাঠামোর সঙ্গে এই অতিরিক্ত কোচগুলি সাময়িকভাবে যুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে রেল।

    অতিরিক্ত কোচের তালিকা অনুযায়ী, ৪ থেকে ১০ জুলাই পর্যন্ত হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে (১২৮৩৭) একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ যুক্ত করা হবে আগামী ৫ জুলাই শালিমার-পুরী এক্সপ্রেসেও (১৮০৩৯) একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ থাকবে। শালিমার-এলটিটি কুরলা এক্সপ্রেসে (১৮০৩০) একটি থ্রি-টায়ার এসি ও একটি স্লিপার কোচ এবং শালিমার-চারলাপল্লি ইস্ট কোস্ট এক্সপ্রেসে (১৮০৪৫) একটি থ্রি-টায়ার এসি কোচ ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এছাড়াও আগামী ৯ জুলাই সাঁতরাগাছি-ইয়েলাহাঙ্কা সাপ্তাহিক এসি এক্সপ্রেসে (১৮০৬৩) একটি অতিরিক্ত থ্রি-টায়ার এসি কোচ যুক্ত থাকবে বলে রেলের তরফে নিশ্চিত করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)