দিল্লিতে জিমে গুলি চালিয়ে তোলাবাজি! ইংরেজবাজার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত 'জ্যাক'
News18 বাংলা | ০৪ জুলাই ২০২৬
মালদহে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। রাজধানী দিল্লিতে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় জড়িত এক অভিযুক্তকে মালদহের ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতকে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করার পর আদালত দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। এরপরই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জগদীশ ওরফে ‘জ্যাক’। তার বাড়ি দিল্লির সাবোলি এলাকার কাচরিওয়ালি গলিতে। গত মাসে দিল্লির একটি ‘আরবান’ জিমে তোলাবাজির উদ্দেশ্যে একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তদন্তে উঠে আসে জগদীশের নাম। এরপর থেকেই তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়।
আরও পড়ুন: “সরকারের শনিবার রবিবার নেই, সরকার মানে 24×7”, উত্তরকন্যায় বড় বার্তা শুভেন্দুর
তদন্তের সূত্র ধরে দিল্লি পুলিশ জানতে পারে, অভিযুক্ত মালদহ জেলার ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কমলাবাড়ির ওই গোপন ডেরা থেকে জগদীশ ওরফে জ্যাককে গ্রেফতার করতে সক্ষম হয় দিল্লি পুলিশ।
শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করলে দিল্লি পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। দিল্লিতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই গ্রেফতারিকে দিল্লির বহুল আলোচিত গুলি-কাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। অভিযুক্তের কাছ থেকে ঘটনার নেপথ্যে থাকা অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে তদন্তকারীদের অনুমান।