• ৫২ হাজার কোটির সমরাস্ত্র কিনছে তিন বাহিনী
    বর্তমান | ০৪ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: একদিকে চীন। অন্যদিকে পাকিস্তান। দুই প্রতিবেশীকে নজরে রেখে তিন বাহিনীকে আরও শক্তিশালী করতে তৎপর কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রায় ৫২ হাজার কোটির সমরাস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন  কাউন্সিল (ডিএসি)। তালিকায় রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন, অ্যান্টি-ড্রোন প্ল্যাটফর্ম সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। অপারেশন সিন্দুরের পর থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে আধুৃনিকীকরণে জোর দিয়েছে ভারত। সেই লক্ষ্যেই বিপুল সংখ্যক অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সকলেরই নজর থাকবে কামিকাজে ড্রোনের দিকে। এই সমরাস্ত্রের সাহায্যে রুশ বাহিনীকে একাধিকবার চিন্তায় ফেলেছে ইউক্রেন। সেনাকে এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন সরঞ্জাম কেনার ছাড়পত্র দিয়েছে ডিএসি। নৌসেনার জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন কেনার পাশাপাশি ল্যান্ড বেসড টেস্টিং ফ্যাসিলিটি স্থাপনের অনুমতি মিলেছে। অন্যদিকে বায়ুসেনা কৃত্রিম উপগ্রহ সহ বিভিন্ন সামরিক ব্যবস্থা সংগ্রহ করতে পারবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)